আ.লীগ আমলে ধর্ষণের মামলায় কারাগারে গিয়েছিলেন সাবেক এমপি আরজু

আওয়ামী লীগ সরকারের আমলে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি ধর্ষণের অভিযোগে দায়ের করা ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি কারাগারে যান। সর্বশেষ গতকাল সোমবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় রাজনীতি নিষিদ্ধ দলের হয়ে অপকর্ম করার চেষ্টা করছিলো।
এদিকে ধর্ষণের মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৯ এপ্রিল একজন শিক্ষানবিশ নারী আইনজীবী খন্দকার আজিজুল হক আরজুর বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
ট্রাইব্যুনাল অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। তদন্ত শেষে পরের বছরের ৫ জানুয়ারি ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয় পিবিআই। এরপর ওইবছরের ১৬ জানুয়ারি একই ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আরজুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে মামলায় জামিন চেয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ আত্মসমর্পণ করেন তিনি। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সর্বশেষ গতকাল সোমবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তাকে আটকের ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।
পুলিশ জানিয়েছে, লালমাটিয়ায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তিনি হৃদ্রোগের রোগী হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। ৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













