বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ বিমান, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বড় পরিসরের এই ক্রয়চুক্তিকে সামনে রেখে বিমান ও বোয়িংকে আগাম অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বোয়িং ও বিমানের মধ্যকার এ সমঝোতাকে স্বাগত জানান রাষ্ট্রদূত।
বার্তায় তিনি বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার এ চুক্তি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চমৎকার বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অর্জন। এতে দুই দেশই ব্যাপকভাবে লাভবান হবে। নিউইয়র্কে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার জন্য তিনি উন্মুখ বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে এ অনুষ্ঠান হওয়ার কথা।
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের এই উদ্যোগকে ভবিষ্যতে বিমানসেবার সক্ষমতা ও মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন উড়োজাহাজ সংগ্রহের বিষয়ে বোয়িংয়ের পাশাপাশি ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গেও আলোচনার মধ্যে এ সিদ্ধান্ত এলো।
বিমানের বহরে যুক্ত হতে যাওয়া নতুন ১১টি উড়োজাহাজ আগের ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তির অতিরিক্ত সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহর সম্প্রসারিত হওয়ার পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা এবং বিদ্যমান রুটে সেবার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












