গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরীর ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর শহর থেকে একটি অটোরিকশা ধীরাশ্রম হয়ে পূবাইলের দিকে যাচ্ছিল। পথে ধীরাশ্রম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পূবাইল থানার মাওরারটেক এলাকার জামাল (৪৫) ও মহিউদ্দিন (৫০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিও আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











