কালিয়াকৈর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির চেষ্টা, আনসারের হাতে অভিযুক্ত নারী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারীর স্বর্ণের চেইন চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বে থাকা আনসার সদস্যদের তৎপরতায় ওই নারীকে আটক করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১১টা ২০ মিনিটের দিকে টিকিট কাউন্টারের সামনে কয়েকজন নারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নেন।
একপর্যায়ে ওই নারীদের একজন টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা মোছা. শারমিন খাতুনের (৩০) সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। অভিযোগ রয়েছে, এ সুযোগে ওই নারী পেছন থেকে শারমিন খাতুনের হিজাবের নিচ দিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন।
বিষয়টি বুঝতে পেরে শারমিন খাতুন ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে কর্তব্যরত আনসার সদস্য মো. এরশাদ আলী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এ সময় মো. সাগর মিয়া ও মো. মাসুম হাসান তাকে আটক করতে সহযোগিতা করেন।
আটক ওই নারীর নাম মোছা. নুর জাহান বেগম (২৭)। তার স্বামীর নাম ছুট মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ধর্মগড় গ্রামে বলে জানা গেছে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ নুর জাহান বেগমকে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপের কারণে চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













