গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে একজন নিহত, আহত ২

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬
অ- অ+

গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তীটেক বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২ নম্বর গেটসংলগ্ন নুরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গাজী রাফেজ আহমেদ খুলনার পাইকগাছা উপজেলার বাসাখালি গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। গ্রেপ্তার আতাউর রহমান (৪০) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছ গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি কাশিমপুর দক্ষিণ পানিশাইল এলাকায় ভাড়া বাসায় থেকে ঝালমুড়ি বিক্রি করতেন।

স্থানীয় বাসিন্দা মহর আলী জানান, বুধবার রাতে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে রাফেজ আহমেদের সঙ্গে আতাউর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতাউর তাঁর দোকানে থাকা মরিচ-পেঁয়াজ কাটার ছুরি দিয়ে রাফেজের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

রাফেজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রতিবাদ করলে আতাউর ক্ষিপ্ত হয়ে আরও দুজনকে ছুরিকাঘাত করেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে রাফেজ আহমেদের অবস্থার অবনতি হলে তাঁকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, স্থানীয়রা অভিযুক্ত আতাউর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে মানসম্মত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী হামিদুর রহমান গ্রেপ্তার
বিমানবন্দর এলাকায় আহত সেনাসদস্যকে উদ্ধার করে সিএমএইচে পাঠালেন আনসার সদস্য
নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান