দেশবিরোধী ও চাটুকার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির এ দেশে কোনো জায়গা নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা বাংলাদেশকে উপনিবেশ বা চাটুকার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে রাজপথের প্রতিটি মোড়ে ও প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ভাষণের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, জাতিসংঘে দেওয়া বক্তব্যে সারা বিশ্বের মানুষের মনের কথাই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তার এই দূরদর্শী বক্তব্যের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাই।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর উপলব্ধির কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ বাঁধলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যপণ্য, জ্বালানি ও গ্যাসের দাম বেড়ে যায়। পাশাপাশি বিদ্যুৎহীনতা, কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বৃদ্ধি পায়, যা প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে।
বর্তমান সরকারের বৈধতা ও জনগণের অধিকারের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি কোনো সাজানো, মিডনাইট কিংবা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। দীর্ঘ লড়াইয়ের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ও জোট সরকার আজ দেশ পরিচালনা করছে। দেশের মানুষের কল্যাণ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












