ম্যানেজারকে ২০ দিনের কারাদণ্ড
ফরিদপুরে বহিষ্কৃত এনসিপি নেতা শাহেদের কারখানায় ফের অভিযান, যৌন ওষুধসহ ৩ লাখ টাকার পণ্য জব্দ

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা বায়েজিদ হোসেনের (শাহেদ) অবৈধ ওষুধ তৈরির কারখানায় আবারও অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের জন্য বেবি জেলি, আয়ুর্বেদিক ওষুধ ও বিভিন্ন কাঁচামালসহ প্রায় তিন লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে। এ সময় কারখানার ম্যানেজারকে আটক করে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার ১ নম্বর সড়ক এলাকায় এ অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জেলা প্রশাসন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের গোয়ালচামট মহল্লার মোল্লাবাড়ি সড়কে বায়েজিদ হোসেনের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
গতকালকের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাকিব রহমান। অভিযানে এসআরবি-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহানও উপস্থিত ছিলেন।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, প্রবাসী আবুল কাশেমের চারতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামে কারখানাটি পরিচালনা করছিলেন বায়েজিদ হোসেন। সেখানে কোনো প্রশিক্ষিত কেমিস্ট ছিলেন না।
অভিযানে আয়ুর্বেদিক ওষুধ, শিশুদের জন্য বেবি জেলি, যৌন উত্তেজক ওষুধ এবং বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। আটক ম্যানেজার জিল্লুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানার যন্ত্রপাতি সরিয়ে নিতে ভবনমালিককে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব রহমান বলেন, কারখানাটিতে বিভিন্ন ধরনের ভেজাল ওষুধ, শিশুখাদ্যে ব্যবহারের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ও আয়ুর্বেদিক ওষুধ পাওয়া গেছে। এসব পণ্য জব্দ করা হয়েছে এবং পরে ধ্বংস করা হবে।
সাকিব রহমান আরও বলেন, এসব ওষুধ মানবদেহের জন্য ক্ষতিকর। কারখানাটি থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এসব ওষুধ সরবরাহ করা হতো বলে বিভিন্ন রসিদ পাওয়া গেছে।
বায়েজিদ হোসেন এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হাবিবুর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হওয়ার পর গতকাল বিকালে তার দলীয় সব পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী বায়েজিদ হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












