আজ বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগের ৯৪ বছর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬
অ- অ+

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেওয়ার পর ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। পরে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে পটাশিয়াম সায়ানাইড পান করে আত্মাহুতি দেন প্রীতিলতা।

মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানি এবং মা প্রতিভা দেবী ছিলেন গৃহিণী।

প্রীতিলতা চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯২৭ সালে কয়েকটি বিষয়ে লেটার মার্কসহ ম্যাট্রিক পাস করেন। পরে ইডেন মহিলা কলেজে পড়ার সময় বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন।

১৯২৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আইএ পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম এবং মেয়েদের মধ্যে প্রথম হন প্রীতিলতা। এরপর কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে প্রীতিলতা নন্দনকানন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে নারী বিপ্লবীদের সংগঠিত ও প্রশিক্ষিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে বিপ্লবীদের একটি দল চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে হামলা চালায়। এ অভিযানে নেতৃত্ব দেন প্রীতিলতা। অভিযান শেষে ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ার পরিবর্তে সায়ানাইড পান করে আত্মাহুতি দেন মাত্র ২১ বছর বয়সী এই বিপ্লবী।

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতার সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব আজও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ বিমান, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আফ্রিকার মালিতে তিনজন শহিদ বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা
মধ্যপ্রাচ্য সংকট ও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা