এমপিও শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য, এখনো হয়নি যে গুরুত্বপূর্ণ কাজ

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলের আওতায় আনার ঘোষণা দেওয়া হলেও এখনো পৃথক গেজেট জারি হয়নি। এতে প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল কার্যকরের বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে।
সোমবার সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় জারি করবে। বিষয়টি নিয়ে তারা কাজ করছে। অন্য একটি মন্ত্রণালয়ের বিষয়ে তার মন্তব্য করা ঠিক হবে না বলেও জানান তিনি।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেলের সুবিধা পাবেন। তবে তাদের নতুন পে-স্কেলের আওতায় আনতে পৃথক গেজেট জারি করতে হবে।
এখনো শুরু হয়নি আনুষ্ঠানিক প্রক্রিয়া
শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি।
সংশ্লিষ্টরা জানান, বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলের আওতায় আনতে প্রথমে শিক্ষা মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হবে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি জানিয়ে চিঠি দিলে পরবর্তী ধাপে পৃথক গেজেট জারি করা সম্ভব হবে।
অর্থ মন্ত্রণালয়ের সম্মতি ছাড়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট জারি করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আলোচনা হলেও হয়নি আনুষ্ঠানিক উদ্যোগ
সূত্রের তথ্য অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত এসব আলোচনা আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হয়নি।
সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হতে পারে।
ফলে প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এখন নজর শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দিকে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













