প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

গাজীপুরে প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।
বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ সদস্য হলেন—এসআই (এবি) শ্রী প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির, সাকিব, শাকিল এবং ড্রাইভার নায়েক কামাল।
সোমবার গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, টয়লেটে যাওয়ার কথা বলে পুলিশের কাছ থেকে রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিটিএসবি’র উপকমিশনার মহিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, রবিবার সকালে বিচারিক কার্যক্রমের জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ৩০ জন আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে বিকালে তাদের আবার কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল।
প্রিজন ভ্যানটি গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছালে রাজা টয়লেটে যাবেন বলে চিৎকার করতে থাকেন। এ সময় তার সঙ্গে থাকা একজন এসআই তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে টয়লেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই আচমকা দৌড়ে পালিয়ে যান রাজা।
পুলিশ জানায়, পালানোর সময় ঘটনাস্থলটি ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ময়লার ভাগাড়ের পাশের এলাকা। পরে তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। তবে এ ঘটনায় প্রিজন ভ্যানে থাকা বাকি ২৯ আসামিকে নিরাপদে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত জেলার জাহাঙ্গীর আলম বলেন, বিস্ফোরক আইনের একটি মামলায় রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ কারাগারে বন্দী ছিলেন। রবিবার আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে তিনি পালিয়ে যান।
ঘটনার পর দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কীভাবে আসামি প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেলেন, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












