স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৮
অ- অ+

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল সাগর বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার মৃত আয়েত আলীর ছেলে। নিহত ঝর্ণা আক্তার তার স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ১০ বছর আগে ঝর্ণা আক্তারের সঙ্গে ইসমাইল সাগর মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে। এজাহারে অভিযোগ করা হয়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ইসমাইল সাগর দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে অত্যাচার, নির্যাতন ও মারধর করে আসছিলেন।

এজাহারে বলা হয়, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৬ সালের ১১ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ঝর্ণা আক্তার তার দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ভাড়াবাসা থেকে মায়ের বাড়ি বাজিতপুর উপজেলার নিলখী নয়াহাটে চলে যান। সেখানে তিনি মাকে স্বামীর নির্যাতনের বিষয়টি জানান। পরদিন ১২ এপ্রিল রাতে ইসমাইল সাগর মিয়া অজ্ঞাতনামা আরও দুজনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ সময় ঝর্ণা আক্তার বাড়ির পূর্ব পাশে মাটির চুলায় রান্না করছিলেন। সেখানে ইসমাইল সাগর মিয়া কোমর থেকে ধারালো ছুরি বের করে ঝর্ণা আক্তারের ডান স্তনে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে ঝর্ণা আক্তার চিৎকার করলে একই ছুরি দিয়ে তার বাম স্তনের ওপর ও নিচের অংশে আরও দুটি আঘাত করা হয় বলে এজাহারে বলা হয়। পরে তিনি মাটিতে পড়ে গেলে তাকে লাথি ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ করা হয়।

এ সময় ঝর্ণার বোন স্বপ্না আক্তারসহ রাজিব মিয়া ও সবুজ মিয়া বাধা দেয়ার চেষ্টা করেন। তখন ইসমাইল সাগর আরও ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়ার হাতে ছুরি দিয়ে আঘাত করেন এবং ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে গুরুতর আহত ঝর্ণা আক্তারকে স্বজনরা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মোছা. জাহেরা বেগম বাদী হয়ে ইসমাইল সাগর মিয়া ও অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা করেন। পরে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) আদালত এ রায় দেন।

(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০
আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আসেনি ইউরেনিয়াম
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস-অটোরিকশা চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা