বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঢাকার বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স—এআইকিউ) ছিল ২৩৪, যা বাতাসের মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের সূচকে এ তথ্য দেখা যায়।
তালিকায় ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৯১ স্কোর নিয়ে তৃতীয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ভারতের রাজধানী দিল্লি ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৬২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
বিশেষজ্ঞদের মতে, শুষ্ক আবহাওয়া ও বৃষ্টিপাত কমে যাওয়ায় শীত মৌসুমে ঢাকার বায়ুদূষণ বেড়ে যায়। অপরিকল্পিতভাবে রাস্তা খনন, নির্মাণকাজ থেকে উড়ে আসা ধুলিকণা এবং ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়াকে ঢাকার বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
দীর্ঘদিন দূষিত বায়ুতে বসবাস ও শ্বাস নেওয়ার ফলে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। দীর্ঘমেয়াদি বায়ুদূষণ ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য অতিরিক্ত দূষিত বায়ু বেশি ঝুঁকিপূর্ণ।
(ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













