শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন সিগারেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, বিমানবন্দর (সি-শিফট)-এর কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের পর বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কর্মকর্তারা। পরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকাগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
এ সময় যাত্রী মোহাম্মদ শাহিনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।
সব মিলিয়ে তিন যাত্রীর কাছ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











