খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (অবসরপ্রাপ্ত) নামে এক সিআইডি কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাতে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে মেয়ের সঙ্গে দেখা করতে খুলনায় আসেন ফজলুর রহমান। সন্ধ্যার দিকে তিনি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে সাতটার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি।
স্থানীয় লোকজন ফজলুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, ফজলুর রহমান সিআইডিতে পিআরএল (অবসরোত্তর ছুটি) হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশপাশের স্থানে কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায় কি না, তা সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













