থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, উদ্ধার অভিযানে বিজিবি; নিহত ২

বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সোমবার বিকাল পৌনে চারটার দিকে টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় চান্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনকে মৃত এবং পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানচি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবি জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে ৩৮ বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। আহত ব্যক্তিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিজিবির পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











