দেশের কত জেলা ঘুরেছেন, সহজেই বানিয়ে নিন নিজের ভ্রমণ ম্যাপ

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আপনি কতটি ঘুরেছেন? অনেকেরই হয়তো এর সঠিক হিসাব মনে নেই। কোথায় কোথায় ভ্রমণ করেছেন, তার তালিকা আলাদা করে সংরক্ষণ না করলে কয়েকটি জেলার নাম বাদ পড়ে যাওয়াও স্বাভাবিক। এবার সেই হিসাব সহজেই জানা যাবে অনলাইন ভ্রমণ ম্যাপের মাধ্যমে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এমন ভ্রমণ ম্যাপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই নিজেদের ভ্রমণ করা জেলার সংখ্যা তুলে ধরে ম্যাপ তৈরি করে ফেসবুকে শেয়ার করছেন। চাইলে আপনিও কয়েকটি ধাপে নিজের বাংলাদেশের ভ্রমণ ম্যাপ তৈরি করতে পারেন।
যেভাবে বানাবেন ভ্রমণ ম্যাপ
ভ্রমণ ম্যাপ তৈরি করতে যেতে হবে ‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশের আটটি বিভাগের ৬৪ জেলার তালিকা পাওয়া যাবে। আপনি যেসব জেলা ঘুরেছেন, সেগুলোতে ক্লিক করে নির্বাচন করতে পারবেন। চাইলে পাশে থাকা বাংলাদেশের মানচিত্র থেকেও সরাসরি জেলা নির্বাচন করা যাবে। এ ছাড়া জেলার নাম লিখে খুঁজে নেওয়ার সুবিধাও রয়েছে।
আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপে তার মোট সংখ্যাও দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১৫টি জেলা ঘুরে থাকলে সেখানে দেখাবে ১৫/৬৪। একসঙ্গে সব জেলা নির্বাচন করতে রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আবার নতুন করে হিসাব করতে চাইলে ‘সব মুছুন’ অপশন ব্যবহার করা যাবে।
আছে পছন্দমতো থিম বেছে নেওয়ার সুযোগ
জেলা নির্বাচনের পাশাপাশি নিজের পছন্দ অনুযায়ী ম্যাপ সাজানোর সুযোগও রয়েছে। এ জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে পাঁচটি থিম। পছন্দের থিম নির্বাচন করে ম্যাপটি কেমন দেখাচ্ছে, সেটিও দেখে নেওয়া যাবে।
নাম ও ছবি যোগ করা যাবে
ভ্রমণ ম্যাপের সঙ্গে নিজের ছবি যুক্ত করার সুযোগ রয়েছে। চাইলে নিজের নামও লেখা যাবে। তবে নাম দেওয়া বাধ্যতামূলক নয়। নাম লিখলে সেটি ম্যাপের ওপরে দেখা যাবে। আর নাম না দিলে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
ডাউনলোড করে শেয়ার
সবকিছু ঠিকঠাক করার পর ম্যাপের নিচে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশনে ক্লিক করে সেটি পিএনজি, জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করা যাবে। পরে সেই ম্যাপ সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।
শুধু বাংলাদেশের নয়, একই ওয়েবসাইটে বিশ্ব ভ্রমণ ম্যাপ তৈরির সুবিধাও রয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের হিসাবও একইভাবে তৈরি করা যায়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













