ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসা ছাত্রীকে অপহরণ ও জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের দায়ে মোহন বিশ্বাস (২০) ও তায়েব মাতুব্বর (২১) নামের দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা, অনাদায় ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন না। আসামিরা হলেন, ভাঙ্গা উপজেলা হোগলাকান্দী গ্রামের শাহা বিশ্বাসের ছেলে মোহন বিশ্বাস ও রবি মাতুব্বরের ছেলে তায়েব মাতুব্বর।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে ওই মাদরাসা ছাত্রীর সঙ্গে মোহন বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালের ৮ আগস্ট বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় বাড়ি থেকে বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হয় ওই মাদরাসাছাত্রী। পথিমধ্যে ছিরু মোল্লার দোকানের সামনে থেকে বান্ধবী বাড়িতে চলে যায়।ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মোহন বিশ্বাস ওই মাদরাসা ছাত্রীকে তার সঙ্গে যেতে বলে। সে যেতে রাজি না হলেও জোরপূর্বক ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে ভাঙ্গা চৌরাস্তার দিকে যায়। চলন্ত মাইক্রোবাসের পিছনের ছিটে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপরে অপর আসামি তায়েব মাতুব্বরও ওই ছাত্রীকে ধর্ষণ করেন। সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের সময় খাড়াকান্দি মোবাইল টাওয়ারের কাছে ওই ছাত্রীকে নামিয়ে দিয়ে চলে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন তদন্ত করে দুজন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













