মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ২১:৪৫
অ- অ+

লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

মেসি যখন সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে কথা বলছিলেন, তখন তার পাশে দাঁড়িয়ে ছিলেন এনজোসহ দলের অন্য খেলোয়াড়রা। মেসির বক্তব্যের সময় চোখের পানি ধরে রাখতে পারেননি এনজো। সেই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ম্যাচ শেষে মেসির বিদায় নিয়ে নিজের অনুভূতির কথা জানান এনজো। তিনি বলেন, সত্যি বলতে, দিনটি ছিল খুব আবেগের। অনেক রকম অনুভূতি কাজ করছিল। আশা করি, লিও দিনটি উপভোগ করেছে। আমরা তাকে খুব মিস করব।

মেসির প্রতি এনজোর ভালোবাসা অবশ্য নতুন নয়। মাত্র ১৫ বছর বয়সেই মেসিকে নিয়ে একটি চিঠি লিখেছিলেন তিনি। তখন মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সেই সময় থেকেই এনজো হিসাব করতেন, মেসি ও তার বয়সের ব্যবধান কত। ভবিষ্যতে মেসির সঙ্গে আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পাবেন কি না, সেটিও ভাবতেন তিনি।

শেষ পর্যন্ত এনজোর সেই স্বপ্ন পূরণ হয়। শুধু মেসির সঙ্গে মাঠ ভাগ করে নেওয়াই নয়, তার সতীর্থ হয়ে বিশ্বকাপও জিতেছেন তিনি।

মেসিকে উদ্দেশ করে লেখা সেই চিঠিতে এনজো বলেছিলেন, আমি ছোট ছিলাম। তোমার বয়স আর আমার বয়স মিলিয়ে হিসাব করতাম। ভাবতাম, তোমার সঙ্গে একবার হলেও আর্জেন্টিনার হয়ে খেলতে পারব কি না।

সময় গড়ানোর সঙ্গে সেই স্বপ্ন আরও বড় বাস্তবতায় রূপ নেয়। মেসির সঙ্গে অনুশীলন, ড্রেসিংরুম ভাগ করে নেওয়া, কঠিন সময় পার করা এবং আনন্দের মুহূর্ত উদ্‌যাপন সবকিছুরই অংশ হয়েছেন এনজো। শেষ পর্যন্ত দুজন একসঙ্গে হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন।

মেসির কাছ থেকে পাওয়া ভালোবাসার কথাও স্মরণ করেছেন এনজো। তিনি লিখেছেন, আমি সবসময় কৃতজ্ঞ থাকব, যেভাবে তুমি আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছ। আমি আমার আদর্শের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলাম। কিন্তু শুরু থেকেই তুমি আমাকে দলের একজন মনে করেছ।

মেসির কাছ থেকে পাওয়া ছোট ছোট মুহূর্তও এনজোর কাছে বিশেষ। তার ভাষায়, তোমার একটি ভালো কথা, একটি পরামর্শ, একটি আলিঙ্গন অথবা শুধু এমনভাবে পাশে থাকা, যাতে প্রয়োজনের সময় স্বস্তি পাই কখনো ভুলব না।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার পরবর্তী ক্যাম্পের কথাও ভাবতে কষ্ট হচ্ছে এনজোর। এত বছর জাতীয় দলের জার্সিতে সামনে ১০ নম্বর জার্সিধারী মেসিকে দেখেই অভ্যস্ত তিনি।

চিঠির শেষদিকে নিজের শৈশবের সেই স্বপ্নের কথা স্মরণ করে এনজো লিখেছেন, কী ভাগ্যবান ছিলাম আমি, লিও। সেই ছোট্ট ছেলেটি কত ভাগ্যবান ছিল, যে হিসাব করত সে কখনো সময়মতো তোমার সঙ্গে খেলতে পারবে কি না।

মেসিকে ধন্যবাদ জানিয়ে এনজোর শেষ কথাগুলোও ছিল আবেগঘন। তিনি বলেন, আমাকে যেভাবে আপন করে নিয়েছ, যা কিছু শিখিয়েছ এবং তোমার গল্পের একটি অংশ ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে খুব মিস করব, অধিনায়ক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি