ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭ জন, ওয়ারীতে ৭৫ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৭৩ জন, মিরপুরে ১০২ জন, গুলশানে ৫২ জন, উত্তরা বিভাগে ৬৩ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮টি ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন, দুটি চাকু, একটি বাস ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া ২ হাজার ৬০০টি জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬টি নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির বিভিন্ন উপকরণও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের ১৫০টি খালি মোড়ক ও বোতল, লেবেলবিহীন ৩০০টি সিরাপের বোতল, ক্যাপসুল সেল ভরার একটি মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি সাচ।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













