কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বছিরন বেওয়া ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মণ্ডলপাড়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন বছিরন বেওয়া। এ সময় উলিপুর থেকে ছেড়ে আসা রমনা-কুড়িগ্রামগামী একটি লোকাল ট্রেন কাছে চলে এলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।
ওসি বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর লালমনিরহাট রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কারও অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
(ঢাকা টাইমস/২৭অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













