পোশাকশ্রমিকদের বিক্ষোভের জেরে মেট্রোরেলের পাঁচ স্টেশন বন্ধ

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রোরেলের শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশন। নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটিতে আপাতত ট্রেন থামছে না। বন্ধ রয়েছে যাত্রী ওঠানামা ও স্টেশনগুলোর বাণিজ্যিক কার্যক্রমও।
আজ রবিবার (১ নভেম্বর) মিরপুর এলাকায় শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রথমে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী—তিনটি স্টেশনেই ট্রেন থামানো বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় মিরপুর-১০ স্টেশনে আবারও ট্রেন থামানো শুরু হয়।
ফলে সংঘর্ষের পর থেকে শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী- মেট্রোরেলের এই পাঁচটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী জানিয়েছেন, মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তার কারণে নির্দিষ্ট পাঁচটি স্টেশনে ট্রেন থামানো হচ্ছে না।
এমআরটি কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন থামানো, যাত্রী ওঠানামা এবং সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় স্টেশন দুটি চালু করা হতে পারে। মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে মিরপুর, সাভার ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন পোশাকশ্রমিকেরা। এর ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এবং প্রশিকা মোড় এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়কে যান চলাচল বন্ধ থাকায় মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের চাপ বাড়ে। তবে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন থামানো বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মিরপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
(ঢাকাটাইমস/০১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










