ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ০৮:২৪| আপডেট : ০৮ জুন ২০২৬, ১৪:২৬
অ- অ+

বাংলাদেশের পর এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির দক্ষিণাঞ্চলসহ আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই কম্পনে বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘরবাড়ি ও ভবন ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন।

ফিলিপাইনের কর্তৃপক্ষ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে ১৫ জন নিহত এবং ১২৯ জন আহত হওয়ার তথ্য যাচাই করা হচ্ছে। অধিকাংশ আহত হয়েছেন ধসে পড়া ধ্বংসাবশেষের কারণে।

ভূমিকম্পের পরপরই ফিলিপাইনের ভূকম্পন ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা, ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে। সংস্থাগুলো জানিয়েছে, কিছু এলাকায় এক থেকে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। তাই উপকূলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সারাঙ্গানি প্রদেশে একটি পুলিশ ভবনে ফাটল দেখা দিয়েছে। এছাড়া জেনারেল সান্তোস শহরে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারদিনান্দ মার্কোস জুনি. ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে উদ্ধার ও জরুরি সেবার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর অন্তর্ভুক্ত। এ অঞ্চলে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

আট মাস আগে ফিলিপাইনে গত ১২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেবু দ্বীপের কাছে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৭৯ জন নিহত হন। এর দুই সপ্তাহ পর মিন্দানাওয়েও দুটি শক্তিশালী ভূমিকম্প হয়, যার মধ্যে সর্বোচ্চটি ছিল ৭ দশমিক ৪ মাত্রার।

ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় প্রতি বছর শত শত ভূমিকম্প হয়। দুই দেশই পৃথিবীর ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চলে অবস্থিত। ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামের ভূমিকম্পপ্রবণ বেল্টটি দক্ষিণ আমেরিকা থেকে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত।

এর আগে রাতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়। ফলে অল্প সময়ের ব্যবধানে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি
‘আমার বন্ধু মহাজাদু জানে’: সম্পর্কের নতুন মাত্রা
স্কটল্যান্ডকে হারালেই কি বিপদ? ব্রাজিলকে ভাবাচ্ছে বিশ্বকাপের অদ্ভুত রেকর্ড
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা