গুরুতর অসুস্থ সোনু নিগম

জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী সোনু নিগম বর্তমানে গুরুতর অসুস্থ। গত এক সপ্তাহ ধরে ‘পিঞ্চড নার্ভ’ সমস্যার কারণে তীব্র ব্যথা ও শারীরিক অস্বস্তির মধ্যে রয়েছেন তিনি। এ কারণে তাকে একাধিক চিকিৎসা পরীক্ষার পাশাপাশি নিয়মিত ওষুধ ও ফিজিওথেরাপি নিতে হচ্ছে।
সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সোনু নিগম। তিনি বলেন, গত কয়েক দিনে একাধিক এমআরআই ও সিটি স্ক্যান করাতে হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পাশাপাশি নিয়মিত ফিজিওথেরাপিও চলছে। তবে এই চিকিৎসা প্রক্রিয়া তার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে।
গায়কের ভাষ্য অনুযায়ী, ফিজিওথেরাপির সময় তাকে অসহনীয় ব্যথা সহ্য করতে হচ্ছে। ব্যথা নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের পেইনকিলারও সেবন করতে হচ্ছে। তবে শারীরিক যন্ত্রণার পাশাপাশি আরেকটি বিষয় তাকে বেশি উদ্বিগ্ন করে তুলেছে।
সোনু জানান, পেশি শিথিল করার জন্য যে ওষুধগুলো দেওয়া হয়েছে, সেগুলোর প্রভাবে তার কণ্ঠস্বর ভারী হয়ে যাচ্ছে। একজন পেশাদার গায়কের জন্য বিষয়টি স্বাভাবিকভাবেই উদ্বেগের। কারণ, তার কণ্ঠই তার পেশাগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ।
দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী। তবে বিরতির কারণে আত্মবিশ্বাস কিছুটা কমে গিয়েছিল বলে স্বীকার করেছেন তিনি। এর মধ্যে নতুন করে শারীরিক অসুস্থতা এবং কণ্ঠসংক্রান্ত উদ্বেগ তার মানসিক চাপ আরও বাড়িয়েছে।
তবুও আশাবাদী সোনু নিগম। তিনি জানিয়েছেন, সব প্রতিকূলতা কাটিয়ে আবারও দর্শকদের সামনে পারফর্ম করতে চান। এজন্য তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন এবং ঈশ্বরের কাছে শক্তি প্রার্থনা করছেন।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা নিয়ে মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা সোনু নিগমের নতুন নয়। গত বছরও তীব্র পিঠের ব্যথা নিয়ে একটি লাইভ কনসার্টে গান পরিবেশন করেছিলেন। তবে এবারকার শারীরিক জটিলতা আগের তুলনায় বেশি কষ্টদায়ক বলে মনে করছেন তিনি।
প্রিয় শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































