অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
সোমবার বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জামাতা।
বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।’
গত বছরের এপ্রিল থেকে মস্তিষ্কের টিউমারের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছিলেন এই অভিনেতা। সেখানে হাসপাতালের পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও চিকিৎসা নেন তিনি।
ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় বলেন, ‘বাবা আগের চেয়ে অনেকটা ভালো আছেন।’
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে পারলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় তার ব্রেন ক্যানসার শনাক্ত হয়।
অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি দেওয়া হয়। পরে আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ সপ্তাহের নিবিড় চিকিৎসাকালে সপ্তাহে পাঁচ দিন করে ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে। পরবর্তী ধাপসহ সব মিলিয়ে প্রায় ১০০টির মতো কেমোথেরাপি নিয়েছেন তিনি।
চিকিৎসার একটি বড় ধাপ শেষ করে দেশে ফিরলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলবে বলে জানিয়েছে পরিবার।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































