এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

ফ্রান্সের বিশ্বখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে তিনি স্পষ্ট করেছেন, এটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাঁকে আনার চেষ্টা করা হবে।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সারা দেশে ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি করা। সে লক্ষ্যেই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর আশা, এতে দেশের তরুণদের মধ্যে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
একই সঙ্গে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল দল গঠনের ওপর গুরুত্বারোপ করেন মীর শাহে আলম। তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি একটি ফুটবল দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। দল গঠন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়টিও সরকার বিবেচনা করছে।
প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এডিপির শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ থেকে প্রতিযোগিতার ব্যয় নির্বাহের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা এবং শিক্ষা বোর্ডগুলোকে মাঠপর্যায়ের আয়োজনে আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য, দেশের প্রতিটি উপজেলার খেলার মাঠ সংস্কার ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে সরকার সমন্বিত উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যতে তৃণমূল থেকেই প্রতিভাবান ফুটবলার তৈরি করা সম্ভব হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































