জামায়াত কিছু 'পোষ্য প্রাণী দিয়ে' গালিগালাজ করাচ্ছে: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী অনেক বড় অকৃতজ্ঞ দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির মানুষকে মূল্যায়ন করতে পারে না। আজকে বাংলাদেশে তারা রাজনীতি করার সুযোগই পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। আজকে বাংলাদেশে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে। অথচ এই দলটি কত বড় অকৃতজ্ঞ। তারা আজকে কিছু পোষ্য প্রাণী দিয়ে গালিগালাজ করাচ্ছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক।
তিনি আরও বলেন, তাদের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ কয়েকদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে, জুলাইয়ের মাস্টারমাইন্ড জামাত-শিবির। এই কথা তারা এখন দাবি করছে। অথচ বছরের পর বছর ধরে তাদের ওই মগবাজার কার্যালয়ে তালা ঝুলেছিল, একজন মাস্টারমাইন্ডও যায়নি সেটি খোলার জন্য।
রাশেদ খাঁন বলেন, জুলাই মাস্টারমাইন্ড মূলত শহীদেরা। এখন এই ভুয়া জামাত-শিবির, তারা এখন নিজেদেরকে জুলাই মাস্টারমাইন্ড হিসেবে দাবি করে—প্রকৃতপক্ষে শহীদদের সাথে এক ধরনের প্রহসন করছে, শহীদদের মর্যাদাকে হানি করছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































