বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, যেভাবে পাবেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ১৫:২৫
অ- অ+

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা এবং শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দেশের আটটি বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব ভাতা ও উপবৃত্তির জন্য আবেদন করা যাবে

বয়স্ক ভাতা: বয়োবৃদ্ধ প্রবীণ নাগরিকদের জন্য।

বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা: দুস্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের জন্য।

প্রতিবন্ধী ভাতা: শারীরিক বা মানসিকভাবে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি: অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য।

বিশেষ জনগোষ্ঠীর ভাতা ও শিক্ষা উপবৃত্তি: হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য।

এ ছাড়া এসব কর্মসূচির আওতায় প্রাপ্য আর্থিক সহায়তা, সামাজিক সুরক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে রেমিট্যান্সে অতিরিক্ত সরকারি প্রণোদনাও বহাল থাকবে।

আবেদনের জন্য যা প্রয়োজন

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করতে হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সুবর্ণ নাগরিক কার্ড বা নম্বর থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।

যারা বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। তবে আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

যেভাবে আবেদন করবেন

আগ্রহীরা আগামী ৩১ আগস্টের মধ্যে dss.bhata.gov.bd/online-application ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন অবশ্যই আবেদনকারীর স্থায়ী ঠিকানার ভিত্তিতে করতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিরা চলতি বছরের ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

আবেদন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন বা যাচাই-বাছাইয়ের সময় কোনো কারিগরি সমস্যা দেখা দিলে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
বালুর বস্তায় বিস্ফোরক বিস্ফোরণ, দগ্ধ তিনজনের প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ
মোটরযানে হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা