মোটরযানে হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার (৩ আগস্ট) গত ২১ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানায় বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত একই ধরনের যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিআরটিএ জানায়, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই সঙ্গে এসব হর্ন চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে যানবাহন চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।
সংস্থাটি আরও জানায়, সম্প্রতি বিভিন্ন মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারের প্রবণতা বেড়েছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যা প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ অবস্থায় অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত বা রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র বা বিকট শব্দ সৃষ্টি করে এমন অননুমোদিত হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/০৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































