চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আবু তাহের (৫০) ও ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুস শুক্কুর (৪০)। তাদের মধ্যে আবু তাহের ছিলেন যাত্রী, শুক্কুর ছিলেন রিকশার চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দোহাজারী থেকে বাজার করে শুক্কুরের ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তাহের। অটোরিকশাটি পূর্ব কাটগড় রেলগেট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত রেললাইনের ওপর উঠে যায়। এ সময় চট্টগ্রাম থেকে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাহেরের মৃত্যু হয়। একই সঙ্গে অটোরিকশাচালক শুক্কুরও ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
রেলওয়ে থানার ওসি সুজন কান্তি দে জানান, পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজার যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অন্যজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পথে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












