মির্জাপুরে টোলপ্লাজায় হামলা, গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও টোল আদায় কর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় হৃদয় খান ওরফে সেকেন্দার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হৃদয় উপজেলার সৈয়দপুর গ্রামের কাবেল মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, একটি ট্রাকের চালক টোল পরিশোধের জন্য এক হাজার টাকার নোট দিলে ভাংতি দিতে কিছুটা দেরি হয়। এ নিয়ে টোলকর্মীদের সঙ্গে চালক ও হেলপারের বাকবিতণ্ডা হয়। পরে কয়েকজন এসে টোলকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিন টোলকর্মী আহত হন। হামলা থামাতে এগিয়ে আসা এক নারীও মারধরের শিকার হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আহতদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় টোলের ইজারাদার মাসুদুর রহমানের স্ত্রী ফারহানা বেগম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
তবে মামলার আসামি লাভলু ওরফে লখাই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, টোলকর্মীরাই তাঁর ট্রাকের চালক ও হেলপারকে মারধর এবং গাড়ির গ্লাস ভাঙচুর করেছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাশেদ ফজল বলেন, হৃদয় খানকে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













