অস্কার-কোয়ালিফায়িং উৎসবে বাংলাদেশের ‘সুবল’, বিশ্বমঞ্চে বাউল সুরের প্রতিধ্বনি

বাউল সাধকের একতারা, মেঠো সুর আর ভিটেমাটি ছাড়ার নীরব হাহাকার—শিকড়, স্মৃতি ও বাস্তুচ্যুতির এমন মানবিক গল্প নিয়ে নির্মিত স্বাধীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুবল’ এবার পা রাখছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে।
তরুণ নির্মাতা নাহিদ হাসানের রচনা, পরিচালনা ও প্রযোজনায় নির্মিত ১৫ মিনিটের এই চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ভারতের বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (BISFF) ২০২৬-এর মর্যাদাপূর্ণ ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে।
২০১০ সালে প্রতিষ্ঠিত এই উৎসবটি অস্কার-কোয়ালিফায়িং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত। আগামী ১৪ থেকে ১৬ আগস্ট ২০২৬ ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে উৎসবটি। সেখানেই ‘সুবল’-এর বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে এক বাউল শিল্পীর আত্মিক ও জীবনসংগ্রামের মধ্য দিয়ে। সামাজিক বাস্তবতাবাদ ও শান্ত পর্যবেক্ষণশীল দৃশ্যভাষার মাধ্যমে এতে উঠে এসেছে বাস্তুচ্যুতি, শিকড়ের টান, স্মৃতি এবং মানুষের সঙ্গে তার আপন স্থানের সম্পর্ক।
‘সুবল’-এর অন্যতম বৈশিষ্ট্য এর অভিনয়শিল্পী নির্বাচন। সম্পূর্ণ স্বাধীনভাবে বাংলাদেশে নির্মিত চলচ্চিত্রটির অধিকাংশ অভিনয়শিল্পীই অপেশাদার কিংবা প্রথমবারের মতো অভিনয়ে অংশ নিয়েছেন। ফলে তাদের স্বাভাবিক আবেগ ও অভিব্যক্তি চলচ্চিত্রটিতে বাস্তবতার মাত্রা আরও বাড়িয়েছে।
বাংলাদেশের পাশাপাশি চলচ্চিত্রটির নির্মাণে যুক্ত হয়েছে জার্মানির সৃজনশীল সহযোগিতাও। এর সহ-প্রযোজক হিসেবে রয়েছেন জার্মান প্রযোজক ক্রিস্টফ থোক (Christoph Thoke) এবং সহযোগী প্রযোজক হিসেবে কাজ করেছেন ইয়ানিক থোক (Yannic Thoke)।
নির্বাচনকে দলের জন্য ঐতিহাসিক মাইলফলক উল্লেখ করে নির্মাতা নাহিদ হাসান ভিওডি বাংলাকে বলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ট ফিল্ম উৎসবে ‘সুবল’-এর বিশ্ব প্রিমিয়ার হওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের। চলচ্চিত্রটি সীমানা পেরিয়ে বৈশ্বিক দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে নতুন যোগাযোগের পথ তৈরি করবে—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
বেঙ্গালুরু উৎসবে প্রদর্শনের পর ‘সুবল’ অন্যান্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শনের জন্য যাত্রা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন নির্মাতা।
বাংলাদেশের বাউল সংস্কৃতি, লোকধারা ও মানুষের শিকড়ের গল্প আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তুলে ধরার এই উদ্যোগ দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে।
(ঢাকাটাইমস/০২ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































