গুজব উড়িয়ে বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্ট

পূর্বাচলে আতিফ আসলামের কনসার্ট ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বুধবার রাজধানীতে পৌঁছাচ্ছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল আলোচিত এই কনসার্ট।
কনসার্ট বাতিল বা পেছানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়লেও আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন জানিয়েছে, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। তাদের দাবি, প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি সম্পন্ন হয়েছে এবং ভেন্যুর প্রস্তুতিও শেষ পর্যায়ে।
মঙ্গলবার বিকালে রাজধানীর কাফরুলে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।
তারা বলেন, আতিফ আসলাম একটি বিশাল নাম। আমরা সবাই তার গান শুনে আনন্দ পাই। ইনশাআল্লাহ, তিনি বুধবার ঢাকায় পৌঁছাবেন এবং ২৪ জুলাই আমরা সবাই একসঙ্গে তার কনসার্ট উপভোগ করব।
গত বছরের একটি বড় আয়োজন শেষ মুহূর্তে বাতিল হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে আয়োজকরা জানান, সেই ঘটনার কারণে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল। তবে এবার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কনসার্ট আয়োজন নিয়ে তারা আশাবাদী।
আয়োজকদের ভাষ্য, গত বছর ইভেন্টটি বাতিল হওয়ায় আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। এবার নতুন করে সব পরিকল্পনা করা হয়েছে। বুধবার আতিফ আসলাম ঢাকায় পৌঁছাবেন। আশা করছি, এবার আর কোনো সমস্যা হবে না।
এদিকে, আতিফ আসলামের ঢাকা পৌঁছানোর পর তার উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলনেরও পরিকল্পনা রয়েছে। সেখানে গণমাধ্যমকর্মীদের কনসার্ট কাভারেজ, প্রবেশব্যবস্থা, ফুটেজ সংগ্রহসহ সার্বিক বিষয়ে বিস্তারিত ব্রিফ করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































