কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে কুয়েতপ্রবাসী এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বাগুর স্টেশন এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে শনিবার (১ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দাউদকান্দি উপজেলার খোশকান্দি গ্রামের আমির হামজা, লক্ষ্মীপুর গ্রামের মাসুদ রানা, মুরাদনগর উপজেলার দইয়ারা গ্রামের জুয়েল রানা ও ইউসুফ এবং দেবিদ্বার উপজেলার গাঙ্গচর গ্রামের তানভীর আহামেদ।
ভুক্তভোগী বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দইয়ারা গ্রামের বাসিন্দা। তিনি কুয়েতে কর্মরত এবং ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে চান্দিনা পৌর এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, কিছুদিন আগে বিল্লালের বাড়িতে হামলা এবং তাঁর বাবা-মা ও ভাইকে মারধরের ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে বাগুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী মহাসড়কে বিল্লালকে জোর করে একটি গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তাঁকে মারধরও করা হয়।
একপর্যায়ে অভিযুক্তরা বিল্লালকে ‘মোবাইল চোর’ বলে চিৎকার করতে থাকেন। এতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে তাঁদের আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও সাত থেকে আটজন জড়িত থাকতে পারেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।
বিল্লাল হোসেন দাবি করেন, পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিন ধরে তাঁকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করা হচ্ছিল। তিনি এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
বিল্লালের পরিবারের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান দুই সদস্যের নেতৃত্বে তাঁদের বাড়িতে হামলার ঘটনার পর দায়ের করা মামলার জেরেই এই অপহরণের চেষ্টা হয়েছে। একই রাতে তাঁদের মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলারও অভিযোগ করেন তাঁরা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিল্লাল হোসেনের করা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































