প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬, ১০:৫৭
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

আজ শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় আসেন সার্জিও গর। সফরের প্রথম দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের সার্জিও গর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গর জানান, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল বিবেচনা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) দেশটির জন্য জারি করা ভ্রমণ সতর্কতা লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ করেছে।

তিনি জানান, কিছু নির্দিষ্ট এলাকায় এখনো অতিরিক্ত সতর্কতা বজায় রয়েছে। তবে ভ্রমণ সতর্কতার মাত্রা কমানোর সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য ‘দারুণ খবর’ বলে উল্লেখ করেন তিনি।

ঢাকায় পৌঁছানোর পর নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সার্জিও গর বাংলাদেশ সফর শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি পরবর্তী বৈঠকগুলো ফলপ্রসূ হওয়ার আশা প্রকাশ করেন।

সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনযাত্রা সম্পর্কে খোঁজ নেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

সার্জিও গরের এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা এবং আঞ্চলিক ইস্যুতে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/০১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস
দুবাই কারাগার থেকে যেকোনো সময় দেশে ফিরছেন বেনজীর আহমেদ
জিপিএস চালু করার সহজ কৌশল, মিলবে নির্ভুল নেভিগেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা