জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, আসামিদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারের একটি অংশ।
গত ৩০ জুন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার আমলাপাড়া এলাকায় বিচারক আহমাদুল কবির শাকিল ও বিচারক নুসরাত জেরিন জেনির ভাড়া বাসায় চুরি হয়। জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে চোরেরা নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। মামলায় চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ১৯ লাখ ১৮ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
তদন্তে রাহুল (২৪), বিশাল (২১) ও দুখু মিয়া (২৪) সরাসরি চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত মাসুদ রানা (৪২) ও মোশারফ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
পিবিআই আরও জানায়, মাসুদের কাছ থেকে গলানো ২৩ দশমিক ১৯ গ্রাম স্বর্ণ এবং মোশারফের কাছ থেকে ৮ আনা ৫ রতি স্বর্ণালংকার ও প্রায় ২৬ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৭৪ হাজার টাকা।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও চোরাই মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলছে।
(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












