ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা শিশুসহ নিহত ৪

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে করে তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও তার দুই-তিন বছর বয়সী সন্তান রয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।
রোববার (২০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জরুরি সেবা বিভাগ জানায়, একটি বাড়িতে রুশ ড্রোন আঘাত হানলে মা ও তার দুই শিশুসন্তান নিহত হন। পৃথক আরেকটি ড্রোন হামলায় আহত এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো।
তিনি জানান, এক দিনের বেশি সময় ধরে কিয়েভ অঞ্চলে রুশ হামলা অব্যাহত ছিল। পাঁচটি জেলার ৩১টি স্থাপনা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফাস্তিভ জেলা। সেখানে ২৪টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বসতবাড়ি, শিল্প ও ইউটিলিটি স্থাপনা, একটি কৃষি প্রতিষ্ঠানের জায়গা এবং বিভিন্ন যানবাহন।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের তেলের পাম্পগুলোতে হামলা বাড়িয়েছে রাশিয়া। গত কয়েক মাসে রাশিয়া প্রায় ৩০০টি তেলের পাম্পে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসব হামলার বেশির ভাগই ইউক্রেনের শহরাঞ্চলে বা তার আশপাশে চালানো হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা দুর্বল করতেই তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হচ্ছে বলে আগেও অভিযোগ করেছে ইউক্রেন। সূত্র: রয়টার্স
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













