ট্রাইব্যুনালে অভিযোগ: ফেরদৌস–শাওনসহ আরও যে ২৭ জনের নাম রয়েছে

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলামসহ ২৭ জন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
রবিবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগ গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এসব অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের উসকানি, সমর্থন এবং প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন ছিল।
অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, গণ–অভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চলার সময়ে অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে উসকানি দিয়েছেন। পাশাপাশি আন্দোলনের পরও তাঁরা জুলাই যোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে থাকা ২৭ জনের মধ্যে রয়েছেন—চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, সাংবাদিক আনিস আলমগীর ও উপস্থাপিকা সোমা ইসলাম।
এ ছাড়া তালিকায় রয়েছেন অভিনেতা রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, নিপুন আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, অজিজুল হাকিম, চন্দন রেজা, মারিয়া কিশপট্টা ও শান্তা ফারজানা।
রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের দাবি জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































