চার দিনের সফরে ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক

চার দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক (অপারেশনস) উগোচি ড্যানিয়েলস। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।
শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উগোচি ড্যানিয়েলস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইওএমের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ।
সফরকালে তিনি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী এবং আইওএমের সহায়তাপ্রাপ্ত বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
এছাড়া নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম)-এর আওতায় বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
চার দিনের সফরের অংশ হিসেবে উগোচি ড্যানিয়েলস কক্সবাজার ও মাদারীপুরও সফর করবেন। এ সময় তিনি অভিবাসন সুশাসন, জলবায়ুজনিত মানব চলাচল, শ্রম অভিবাসন, সুরক্ষা এবং মানবিক সহায়তা–সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































