ফ্রান্সের কোচ হলেন জিদান

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ১৪ বছর দায়িত্ব পালনের পর সরে দাঁড়ানো দিদিয়ে দেশমের উত্তরসূরি হিসেবে নতুন দায়িত্ব নিচ্ছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অনেক দিন ধরেই জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন জিদান। নিজেও একাধিকবার এই দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর আর কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি জিদান। তবে কোচ হিসেবে তার সাফল্য উজ্জ্বল। তার অধীনে রিয়াল মাদ্রিদ ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে, যা ইউরোপীয় ক্লাব ফুটবলে বিরল এক কীর্তি।
অন্যদিকে, ২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্বে থাকা দেশম ২০২৬ বিশ্বকাপ শেষে পদ ছাড়েন। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স, ২০২২ সালে রানার্সআপ হয় এবং ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপেও ফাইনালে ওঠে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফরাসিরা।
খেলোয়াড় হিসেবে জিদান ফরাসি ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে দেশকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেন তিনি। পরে ২০০০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং একই বছর জেতেন ব্যালন ডি’অর। জাতীয় দলের হয়ে ১০৮ ম্যাচে ৩১ গোল করেছেন জিদান।
ফ্রান্সের প্রধান কোচ হিসেবে জিদানের প্রথম ম্যাচ হবে আগামী ২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। আর ২ অক্টোবর স্টাদ দ্য ফ্রান্সে ইতালির বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো ঘরের মাঠে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































