মেট্রোরেলে বোমা আতঙ্কের নেপথ্যে কী? তদন্ত নিয়ে যা জানাল সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬, ২০:৪৬
অ- অ+

রাজধানীর মেট্রোরেলের তিনটি স্টেশন ঘিরে সৃষ্ট বোমা আতঙ্কের ঘটনাগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরক উদ্ধারের ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয় সংস্থাটি।

শনিবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক এসব কথা বলেন।

তিনি জানান, মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া বিস্ফোরকের ঘটনার সঙ্গে একই দিনে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বোমা সদৃশ বস্তুর কোনো সম্পর্ক এখন পর্যন্ত তদন্তে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত ও অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।

মিরপুর-১০ ও ফার্মগেটে কী পাওয়া গেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, মিরপুর-১০ স্টেশনে পাওয়া ব্যাগে পান, সুপারি, জর্দাসহ কিছু সাধারণ সামগ্রী ছিল। আর ফার্মগেটে পাওয়া বস্তার মধ্যে ছিল পরিত্যক্ত ময়লা-আবর্জনা। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সেখানে কোনো বিস্ফোরক ছিল না। তাই দুটি ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এ ধরনের ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

মতিঝিলে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অগ্রগতির বিষয়ে তিনি বলেন, পুলিশ, সিটিটিসি ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে তদন্ত করছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।

বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকা বা ফুটেজ না পাওয়ার বিষয়েও তদন্ত চলছে বলে জানান শামসুল হক। তিনি বলেন, তদন্ত শেষ হলে এসব বিষয় পরিষ্কার হবে।

রাজধানীজুড়ে বোমা আতঙ্কের প্রসঙ্গে সিটিটিসি প্রধান বলেন, জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সন্দেহজনক কোনো বস্তু পাওয়ার খবর পেলেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। তবে গুজব বা অযথা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামসুল হক বলেন, শনিবার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু থাকার খবর পাওয়ার পর সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া বস্তুগুলো কোনো বিস্ফোরক নয় এবং জননিরাপত্তার জন্য কোনো হুমকিও সৃষ্টি করেনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্দেহজনক কোনো বস্তু বা কার্যকলাপ দেখলে তা স্পর্শ না করে নিরাপদ দূরত্বে থেকে দ্রুত নিকটস্থ থানা, জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
হাইওয়ে পুলিশের সদস্যদের শৃঙ্খলা ও জনবান্ধব সেবার নির্দেশ দিলেন অতিরিক্ত আইজিপি ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা