শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ১১:২০
অ- অ+

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছেন। এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি বলেন, একজন ফাঁসির আসামি হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে দেশে এসে আত্মসমর্পণ করতে চান, তাহলে তার আইনি অধিকার রয়েছে।

আইনমন্ত্রী বলেন, “তিনি এলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের ব্যত্যয় করে আমরা কোনো ব্যবস্থা নেব না। আইন যেভাবে আমাদের ক্ষমতা দিয়েছে, আমরা সেভাবেই সেই ক্ষমতা প্রয়োগ করব।”

শেখ হাসিনার পাসপোর্ট নেই- তাহলে তিনি কীভাবে দেশে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “তিনি কীভাবে আসবেন, সেটা তার বিষয়। আমাদের বিষয় হলো, তিনি যখন বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করবেন, তখন আইন যেভাবে আমাকে ক্ষমতা দিয়েছে, আমি সেভাবেই আইনের প্রয়োগ করব।”

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি এখনো সরকারের আলোচনায় আসেনি। তবে সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

তিনি বলেন, জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা আপাতত দেখছেন না। কারণ, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংবিধানে নির্ধারিত ৯০ দিনের সময়সীমা এবং নিয়মিত অধিবেশন ডাকার সময়সীমা একসঙ্গে সমন্বয় করা সম্ভব।

আইনমন্ত্রী আরও বলেন, গত অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হবে। এ কারণে বিশেষ অধিবেশন ছাড়াই সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। তবে সরকার প্রয়োজন মনে করলে বিশেষ অধিবেশন ডাকতে পারেন।

(ঢাকাটাইমস/৩০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে চাকরি থেকে অবসর প্রদান
কুষ্টিয়ায় পুনাকের মানবিক উদ্যোগ, পেলেন সেলাই মেশিন অসহায় নারীরা
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা