যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পসের একটি ঘাঁটিতে অত্যাধুনিক এফ-৩৫বি লাইটনিং-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। আকাশে ওঠা ধোঁয়া বহু দূর থেকেও দেখা যায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, একক আসনের এফ-৩৫বি যুদ্ধবিমানটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১-এর অন্তর্ভুক্ত ছিল। স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে ক্যালিফোর্নিয়ার মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের রানওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সময় বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। মেরিন এয়ারক্রাফট উইংয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পাইলটকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং আঘাত গুরুতর নয়।
দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষে ফায়ারফাইটিং ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া ঘাসের আগুনও নিয়ন্ত্রণে আনা হয়।
লাইভএটিসি ডটনেটের রেকর্ড করা অডিওতে মিরামার বিমানঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, এফ-৩৫ বিমানটি রানওয়ের কিছুটা আগে বিধ্বস্ত হয়েছে এবং পাইলট প্যারাসুট ব্যবহার করে বের হয়ে এসেছেন।
তবে কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সামরিক বিমান দুর্ঘটনার তদন্ত সাধারণত সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হয়।
এফ-৩৫বি যুদ্ধবিমানকে নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করে। এটি একটি স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান, যা শত্রুর রাডারে শনাক্ত হওয়া কঠিন। বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটি সাধারণ যুদ্ধবিমানের মতো রানওয়েতে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এবং হেলিকপ্টারের মতো উল্লম্ব অবতরণেও সক্ষম।
৫০ ফুটের বেশি দীর্ঘ এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর পাশাপাশি যুক্তরাজ্য ও ইতালির সামরিক বাহিনী ব্যবহার করে। নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, প্রতিটি এফ-৩৫বি যুদ্ধবিমানের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
(ঢাকাটাইমস/০১ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































