নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর

দীর্ঘ অপেক্ষার পর চূড়ান্ত হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতার এবারের আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় গড়াবে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের এই লড়াই।
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সব সদস্য দেশই এবারের টুর্নামেন্টে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। আসরকে সামনে রেখে আগামী ২৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হবে। এরপর ১ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই টুর্নামেন্টটি আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। গত কয়েক বছরে এটি দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে।”
বাংলাদেশকে আয়োজক হিসেবে স্বাগত জানিয়ে তিনি বলেন, “দেশটিতে ফুটবলের প্রতি বাড়তে থাকা আগ্রহের কারণে বাংলাদেশকে আয়োজক হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত। আশা করছি, বাংলাদেশ একটি সফল ও বর্ণাঢ্য টুর্নামেন্ট আয়োজন করবে, যা খেলোয়াড় ও সমর্থকদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”
সাফ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার জাতীয় দলগুলোর সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা। এবারের আসর ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































