রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ১০:৫৪| আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:৫৭
অ- অ+

স্মার্টফোনে নতুন অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে অসতর্কতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ছড়িয়ে দিচ্ছে বিপজ্জনক ম্যালওয়্যার। ভুয়া গুগল ক্রোম ও টিকটক অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে ঢুকছে ‘রকারোলা’ (Rockarolla) নামের ব্যাংকিং ট্রোজান ম্যালওয়্যার। এটি ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এমনকি ক্রিপ্টোকারেন্সিও চুরি করতে সক্ষম বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা সংশ্লিষ্টরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে প্রবেশের পর এই ম্যালওয়্যার ২০০টির বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, হ্যাকাররা প্রথমে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের গুগল ক্রোম বা টিকটকের নকল সংস্করণ ডাউনলোড করতে প্রলুব্ধ করে। ব্যবহারকারী যখন এসব অ্যাপ ইনস্টল করতে যান, তখন সেখানে গুগল প্লে প্রোটেক্টের মতো দেখতে একটি ভুয়া সতর্কবার্তা দেখানো হয়।

অনেক ব্যবহারকারী এটিকে গুগলের আসল নিরাপত্তা বার্তা মনে করে ডাউনলোডের অনুমতি দেন। আর সেই সুযোগেই ফোনে প্রবেশ করে ম্যালওয়্যারটি।

বিশেষজ্ঞদের মতে, ফোনে প্রবেশের পর রকারোলা ম্যালওয়্যার ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। ব্যবহারকারীরা এসব নকল পেজে নিজেদের ইউজারনেম ও পাসওয়ার্ড দিলে তা সরাসরি চলে যায় হ্যাকারদের কাছে।

এ ছাড়া ম্যালওয়্যারটি ফোনের লকস্ক্রিন তথ্য, কনট্যাক্ট তালিকা এবং টাইপ করা সব তথ্য সংগ্রহ করতে পারে। কী-লগারের মাধ্যমে ব্যবহারকারীর কার্যক্রম নজরদারি করা ছাড়াও ব্যাংকের প্রতারণা সতর্কবার্তা আটকে দিতে পারে এটি। এমনকি সন্দেহজনক লেনদেন সম্পর্কে ব্যাংক থেকে আসা ফোনকলও বাধাগ্রস্ত করার সক্ষমতা রয়েছে বলে জানানো হয়েছে।

নিরাপদ থাকার উপায়

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঝুঁকি এড়াতে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। নিরাপদ থাকতে করণীয়—

  • অপরিচিত ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করা।
  • শুধু গুগল প্লে স্টোর বা অনুমোদিত অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করা।
  • ফোনে গুগল প্লে প্রোটেক্ট চালু আছে কি না যাচাই করা।
  • সন্দেহজনক পপ-আপ বা নিরাপত্তা সতর্কবার্তায় যাচাই ছাড়া অনুমতি না দেওয়া।
  • প্রয়োজন হলে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করা।
  • ব্যাংকিং অ্যাপে অস্বাভাবিক কোনো আচরণ দেখা দিলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে। তাই অ্যাপ ডাউনলোডের সময় সামান্য অসতর্কতাও ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ও ডিজিটাল সম্পদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা