ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ২৫ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৭ জন রয়েছেন।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে একটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ছয়টি মোবাইল ফোন, ৩৩০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/১৪ জুলাই/এসএস/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































