শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, রাজধানীতে পরীক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ১২:১৮| আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:১৯
অ- অ+

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, দুর্যোগ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের সঙ্গে করা আচরণের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে।

এর আগে সোমবার (১৩ জুলাই) ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্ম থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের কথা জানানো হয়েছিল।

এ ছাড়া রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব স্থানে কর্মসূচি পালনের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, সোমবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন এলাকার পরীক্ষার্থীরা জলাবদ্ধতা, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন। অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং দুর্ঘটনার শিকার হয়েছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা না করে এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পক্ষের সুপারিশ থাকলেও তা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতির দায় শিক্ষামন্ত্রী এড়িয়ে যেতে পারেন না। এ ঘটনায় দায় স্বীকার করে তার পদত্যাগ দাবি করা হয়েছে।

তবে কর্মসূচির ঘোষণায় কোনো নির্দিষ্ট সংগঠক বা পরীক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ‘শিক্ষার্থী ঐক্য’ ও ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সব বোর্ডের পরীক্ষা একসঙ্গে স্থগিত করা হলে ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষা কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বোর্ডের সমস্যার ভিত্তিতে সব বোর্ডের পরীক্ষা স্থগিত করাও সম্ভব নয় বলে জানিয়েছে কমিটি।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি