ঢাকাসহ দেশের ১৯ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, অতিভারী বর্ষণের কারণে ঢাকাসহ বিভিন্ন শহরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি এবং নদী অববাহিকায় পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
(ঢাকাটাইমস/১৪ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































