জুলাই আন্দোলন নিয়ে অবমাননা: অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনকে অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়েছে।
শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের তিনজন পদধারী সদস্য এ অভিযোগ দাখিল করেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে তারা মামলা করতে চেয়েছিলেন, পরে লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি গ্রহণ করে তদন্তের জন্য এসআই রায়হানকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারীরা সকালে থানায় গিয়ে লিখিত আবেদন জমা দেন। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে শহীদ ও আহতদের আত্মত্যাগ রয়েছে। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি আন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড করেছেন বলে দাবি করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।
এছাড়া মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন।
অন্যদিকে মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে কটাক্ষ করে সেটিকে অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন, যা আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়।
রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা অভিযোগপত্রে স্বাক্ষর করেন। তারা অভিযোগগুলোর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সাইবার ইউনিটের মাধ্যমে সংশ্লিষ্ট অনলাইন কনটেন্ট যাচাই করা হচ্ছে।
(ঢাকাটাইমস/৪ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































