পাভেলের অশ্লীল অঙ্গভঙ্গির ভাইরাল ভিডিও দেখে জ্যোতিকা জ্যোতি বললেন, ‘অসুরের মতো লাগছে’

ছোট পর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। এ সময় তার কিছু অশ্লীল অঙ্গভঙ্গি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনের অনেকেই নানা মন্তব্য করছেন। এর মধ্যেই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি মন্তব্য নজরে এসেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে পাভেলের কিছু অঙ্গভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার কারও প্রশ্ন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না। ভিডিও কলের অপর প্রান্তে থাকা নারী কে, সেই প্রশ্নও উঠেছে।
শোবিজ অঙ্গনের অনেকে পাভেলের ওই ভিডিও নিয়ে সমালোচনা করেছেন। তারমধ্যে ভিডিওটির কমেন্ট বক্সে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘অসুরের মতো দেখতে লাগছে।’
এদিকে ভিডিওটি নিয়ে পাভেল বলেন, ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’
সাইদুর রহমান পাভেল ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান। ওই প্রতিযোগিতায় তিনি রানারআপ হন। পরে দেশে ফিরে স্টেজ শো ও বিভিন্ন নাটকে অভিনয় শুরু করেন।
তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা করেন পাভেল। পরে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
এরপর অমির পরিচালনায় ‘ফিমেল ১ ও ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন পাভেল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













