নাটকের ভুলে সমালোচনার ঝড়
বিসিএস ক্যাডার হয়ে সরাসরি ইউএনও ফারহান!

কয়েক দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে অভিনেতা মুশফিক আর ফারহান অভিনীত নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। জুবায়ের ইবনে বকরের নির্মাণে নাটকটি মুক্তির পর দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অভিনয় ও গল্পের প্রশংসার পাশাপাশি নাটকে বিসিএস ক্যাডার চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনাও করছেন অনেকে।
নাটকটিতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্পে দেখা যায়, মইন খান দরিদ্র পরিবারের সন্তান। আর্থিক সংকটের কারণে একপর্যায়ে প্রেমিকার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। পরে বিসিএস ক্যাডার হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগ দেন তিনি।
তবে মইন খানের ইউএনও হওয়া এবং তাঁর পদবি নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের অনেকে। তাঁদের মতে, নাটকে দেখানো হয়েছে, চাকরির প্রথম দিনই মইন খান ইউএনও হিসেবে যোগ দিয়েছেন। বাস্তবে প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগ দেওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতে হয়। পরবর্তী সময়ে পদোন্নতির মাধ্যমে ইউএনও হওয়ার সুযোগ আসে।
এ ছাড়া নাটকে মইন খানের পদকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ বলা হয়েছে। দর্শকদের দাবি, বাংলাদেশের সরকারি চাকরিতে এমন কোনো পদ নেই। নাটকের একটি নামফলকে উত্তরাকে উপজেলা হিসেবে উল্লেখ করা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির এসব বিষয় নিয়ে নানা মন্তব্য দেখা যাচ্ছে। একজন দর্শক লিখেছেন, দেশের নাট্য ইন্ডাস্ট্রিতে এমন ভুল তথ্য দেখানো হচ্ছে। তাঁর মতে, এর আগে অভিনেতা জোভানের একটি নাটকেও বিসিএস ক্যাডার চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনা হয়েছিল।
আরেক দর্শক লিখেছেন, ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দিন শেষ, আসছে অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট।’ সরকারি চাকরির পদ সম্পর্কে ন্যূনতম তথ্য যাচাই না করায় তিনি সমালোচনা করেন।
তবে এসব সমালোচনা নিয়ে এখন পর্যন্ত নাটকটির নির্মাতা, অভিনয়শিল্পী কিংবা সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
‘পথের সাথীকে চিনে নিও’ নাটকটির গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজাসহ অনেকে।
এর আগে আনিসুর রহমান রাজিবের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকের একটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছিল। ওই নাটকে ফারহান আহমেদ জোভান নিজেকে বিসিএসের পররাষ্ট্র ক্যাডার হিসেবে পরিচয় দেন। বিষয়টি নিয়েও তখন দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













